ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
ব্যস্ত সড়কে প্রকাশ্যে ছিনতাই, নিরাপত্তা নিয়ে উদ্বেগ জেট ফুয়েলের দাম লিটারে কমল ১৫ টাকা চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক-এনসিপি কর্মীদের মারামারি গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লাখ গাছ চসিকের সড়ক ও ফুটপাত থেকে দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি ভোলায় মিতু হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ওসিকে তলব বিসিবির সভাপতি তামিম ইকবাল কুমিল্লায়  ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ গোয়েন্দারা কেন প্রকাশ্যে আসছেন? শিশুদের নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’ মেট্রো স্টেশনগুলোর নিচে দুরবস্থা জন্মদিনে এল লাকী আখান্দের অপ্রকাশিত গান নূরজাহান ট্র্যাজেডির সমাজতাত্ত্বিক পাঠ কিয়ামতের ময়দানে রাসুল (সা.)-এর পাশে থাকার উপায় সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি যশোর জেলার দর্শনীয় ও ভ্রমণযোগ্য স্থান সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবির পরিচালক তামিম ইকবাল রামুতে ছেলের গুলিতে বাবার মৃত্যু পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের এই বৃহত্তম যৌথ পরিবারে দৈনিক লাগে ৯০ কেজি চাল প্রতিশ্রুতি প্রদানে মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন স্পিকার ঝিনাইদহে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর স্বাভাবিক গানে আর ফিরবেন না রিংকু ওয়েমোর চালকহীন নতুন রোবোট্যাক্সি ‘ওজাই’ শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা কুষ্টিয়ায় ধর্ষককে গণধোলাই
Nagad desktop

জুলাই সনদ নিয়ে সংসদে হট্টগোল

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
জুলাই সনদ নিয়ে সংসদে হট্টগোল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ‘জুলাই সনদ’ এবং গণ-অভ্যুত্থানের একক কৃতিত্বের দাবি তোলাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্য দিয়ে সংসদে ব্যাপক হট্টগোল ও বাদানুবাদ হয়। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি জুলাই সনদ নিয়ে বিরোধী দলের সমালোচনা করলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিতর্ক শুরু হয়। 

গাজীপুরের এমপি মঞ্জুরুল করিম রনি বলেন, ‘এই সংসদের প্রথম দিন থেকেই একটি ‘জুলাই সনদ’ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক শুরু করা হয়েছে। তিনি বিরোধী দলের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা যদি জুলাই আন্দোলনকে একক অর্জন বলে দাবি করতে চান, আমাদের মন ব্যথিত হয়। সেখানে তো আমরাও ছিলাম, আমাদেরও ৪০০-এর অধিক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি।’

রনির এই বক্তব্যের পর বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, ‘জুলাই সনদকে ‘অপ্রয়োজনীয়’ বলা মানে শহিদদের রক্ত এবং গণ-অভ্যুত্থানের ইতিহাসকে অপমান করা। তার এই বক্তব্যের পর সংসদ কক্ষে তীব্র হইচই শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অধিবেশনে এই অশান্ত পরিস্থিতি মোকাবিলা করতে স্পিকার বারবার সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। বাকস্বাধীনতার কারণে সবাই নিজের মতামত প্রকাশ করতে পারে, কিন্তু অন্যদের বাধা দেওয়া উচিত নয়। স্পিকারের হস্তক্ষেপে কিছুটা পরিস্থিতি শান্ত হলেও বিতর্ক থেমে থাকে না।’

মঞ্জুরুল করিম রনি সরকারের পক্ষ থেকে দাবি করেন, আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে ছিলাম। রাজপথে আন্দোলনের মাধ্যমে অর্জিত এই সংসদ আমাদের গর্ব। তিনি বিরোধী দলের সদস্যদের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘তাদের রাজপথের সংগ্রাম মাত্র তিন-চার বছরের। অন্যদিকে, বিরোধী দল ও জোটের সদস্যরা দাবি করেন, জুলাই সনদ এবং গণ-অভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা আজকের সরকারের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

এমপি রনি বলেন, ‘২০২৪-এর গণহত্যার দাগ লেগে আছে আওয়ামী লীগের হাতে। ৯০-এর ছাত্র হত্যার দাগ লেগে আছে জাতীয় পার্টির হাতে। আর ৭১-এর গণহত্যার দাগ লেগে আছে আরেকটি দলের হাতে। এ দেশে বিএনপি একমাত্র দল, যাদের হাতে কোনো রক্তের দাগ নেই।’ 

বিএনপি হচ্ছে মানুষের আশ্রয়স্থল এবং বিএনপি গণমানুষের অধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করে।

তিনি আরও বলেন, ‘গর্ব করা উচিত যে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি নিরলসভাবে এই বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘এখানে যারা বিরোধী দলের সদস্য আছেন, তাদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো তিন-চার বছরের বেশি নয়। আমাদের রাজপথের হুঙ্কার দিয়ে রাজপথে আন্দোলনের কথা বলে লাভ নেই। আপনারা যদি আমাদের মন পেতে চান, তাহলে ‘ওপেন হার্ট’ (মুক্ত হৃদয়) নিয়ে আসুন। ইনশাল্লাহ, সকলে মিলে একসঙ্গে কাজ করে এই বাংলাদেশকে গড়ব।’

স্পিকার সবার প্রতি আহ্বান জানান, ‘অহেতুক কাউকে বিরক্ত করা ঠিক নয়, শালীনভাবে আলোচনা করুন।’ তিনি সংসদীয় শালীনতা ও সহনশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

এভাবে, ‘জুলাই সনদ’ নিয়ে এই বিতর্কের মধ্যে সংসদে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হলেও স্পিকারের হস্তক্ষেপে কিছুটা শান্ত পরিবেশ ফিরে আসে।

এলিস/রিফাত/

জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০০ পিএম
জ্বালানির মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণসহ ১২ দফা সুপারিশ সংসদীয় কমিটির
প্রতীকী ছবি

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ সংকট মোকাবিলায় জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ, আমদানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে ডিজিটাল মনিটরিং চালুর সুপারিশ করেছে জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত বিশেষ সংসদীয় কমিটি। কমিটি মোট ১২ দফা সুপারিশ সংসদে উপস্থাপন করেছে।

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট অধিবেশনের প্রথম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রতিবেদনে বলা হয়, দেশের জ্বালানি তেলের কৌশলগত মজুদ কমপক্ষে তিন মাসের চাহিদা মেটানোর সক্ষমতায় উন্নীত করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক বাজারের অস্থিরতা মোকাবিলায় আমদানির উৎস বহুমুখীকরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে পূর্ণাঙ্গ অটোমেশন এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।

কমিটির অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, এসপিএম প্রকল্প এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিট দ্রুত বাস্তবায়ন, জনসচেতনতা কার্যক্রম জোরদার এবং বেসরকারি খাতের মাধ্যমে জ্বালানি পণ্য আমদানির সম্ভাব্যতা যাচাইয়ে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা।

এ ছাড়া ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা এবং এর কার্যকারিতা তদারকির ওপর জোর দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমানো, তেল, গ্যাস, কয়লা, সৌর ও বায়ু শক্তিসহ বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কাঠামো পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সরবরাহ ব্যবস্থা, বহুমুখী জ্বালানি উৎস এবং সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণকে সময়ের দাবি বলে মনে করছে কমিটি।

কমিটির অভিমত, সরকারের সময়োপযোগী পদক্ষেপ, সংসদীয় তদারকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

জ্বালানি কমিটি/এলিস

ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৬ দফা দাবি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
ঢামেক ও চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি,  ৬ দফা দাবি
৬ দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ। ছবি: খবরের কাগজ

এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘বৈষম্যমূলক’ প্রস্তাব বাতিলসহ ৬ দফা দাবিতে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রবিবার (৭ জুন) সকাল থেকে দুই শীর্ষ সরকারি হাসপাতালের ইন্টার্নরা একযোগে এই কর্মবিরতি শুরু করেন। এতে দেশের চিকিৎসাব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই দুই হাসপাতালে সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ডাকে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে স্থানীয় ইন্টার্ন ডক্টরস সংগঠনগুলো। 

ঢামেকে জরুরি বিজ্ঞপ্তির পর কর্মবিরতি

শনিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতির ডাক দেয় ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি। সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালার অযৌক্তিক প্রস্তাব, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল ভাতা, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তার প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। বারবার আশ্বাস সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি।

ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ডা. আশরাফ সিদ্দিকী খবরের কাগজকে বলেন, ‘আজ (রবিবার) সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। আমরা দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আল্টিমেটাম শেষে চমেক হাসপাতালেও ধর্মঘট, ক্লাস বর্জন

একই দাবিতে রবিবার সকাল ৮টা থেকে চমেক হাসপাতালেও কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে গত ৪ জুন মানববন্ধন ও বিক্ষোভ শেষে হাসপাতাল পরিচালকের মাধ্যমে সরকারকে শুক্রবার (৫ জুন) রাত পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের‌ নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ বা কার্যকর উদ্যোগ না আসায় শনিবার রাতে সারাদেশের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রবিবার সকাল ১১টার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা সাড়ে ১১টায় চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। প্রয়োজন হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

কী আছে ৬ দফা দাবিতে

আন্দোলনরত চিকিৎসকদের প্রধান দাবিগুলো হল-
# এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের বিতর্কিত ও বৈষম্যমূলক নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত) বাতিল করা।

# বিএমইউ এবং বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা।

# নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ করা।

# কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ বা ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন করা।

# বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা।

# বেসরকারি চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো নির্ধারণ এবং বিএমডিসি আইনের সংস্কার।
সরকারের শীর্ষ পর্যায় থেকে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে এই কর্মবিরতি দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও ছড়িয়ে পড়তে পারে বলে আভাস দিয়েছেন আন্দোলনরত চিকিৎসক নেতারা।

জয়ন্ত সাহা/এসএন

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি
ছবি: সংগৃহীত

সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা-অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায়, মার্চ ও এপ্রিল মাসে মোট ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩ হাজার ৪৯৬টি।

প্রতিবেদনে আরও বলা হয়, আলোচিত সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশু ৪৯ থেকে ৭১ জন।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসএন/

প্রতিশ্রুতি প্রদানে মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন স্পিকার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
প্রতিশ্রুতি প্রদানে মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রী ও সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করে নেওয়া প্রয়োজন, যাতে পরে তা বাস্তবায়নে জটিলতা তৈরি না হয়।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবকে কেন্দ্র করে স্পিকার এ মন্তব্য করেন।

অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদের দেওয়া পূর্বের একটি প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে আশ্বাস দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি। এ অবস্থায় কবে নাগাদ কারখানাটি গ্যাস পাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী দেশে বিদ্যমান গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে বলেন, সীমিত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, দীর্ঘ ১৭ বছর নতুন কোনো গ্যাসক্ষেত্রে খনন কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার নতুন করে ড্রিলিং শুরু করেছে এবং নতুন গ্যাস পাওয়া গেলে সংশ্লিষ্ট শিল্পকারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার তাকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হবে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

স্পিকার আরও বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি জনগণের কাছেও একটি অঙ্গীকার হিসেবে বিবেচিত হয়। তাই ভবিষ্যতে ড্রিলিংসহ সব ধরনের আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করেই মন্ত্রী-এমপিদের প্রতিশ্রুতি দেওয়া উচিত।

এলিস/এসএন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

রবিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ জন ছাড়পত্র পেয়েছেন।

রিফাত/