রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এর সমালোচনামূলক বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান; তাই তার প্রতি সম্মান দেখানো সকলের দায়িত্ব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনের এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “একজন সদস্য প্রেসিডেন্টকে নিয়ে অনেক কথা বলেছেন। প্রেসিডেন্টের প্রতি আমার ব্যক্তিগত কোনো ভালোবাসা আছে কি না, সেটি বড় বিষয় নয়। কিন্তু প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, নট অ্য পারসন।”
তিনি আরও বলেন, “নাহিদ সাহেব শপথ নিয়েছিলেন প্রেসিডেন্টের কাছ থেকেই। তখন তো সেই প্রতিষ্ঠানকেই সম্মান জানানো হয়েছিল। কিন্তু এখন বিরোধী দলে বসে রাষ্ট্রপতির প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”
অর্থমন্ত্রী স্মরণ করিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বর্তমান বিরোধী দলের নেতারা সামনের সারিতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সেদিন তারা রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এখন সেই একই প্রতিষ্ঠানকে অসম্মান করা যুক্তিসঙ্গত নয়। আপনি যদি সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করেন, তবে আপনাকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতে হবে। এখানে ব্যক্তির বিষয় নয়, প্রতিষ্ঠানের বিষয়। ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনস্টিটিউশন।”
অর্থমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে সংসদে রাষ্ট্রপতির মর্যাদা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রক্ষার প্রশ্নটি নতুন করে আলোচনায় আসে।
এলিস/এসএন