বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের (মোস্তা মল্লিক) উপর হামলাকারী চাঁদাবাজ-সন্ত্রাসীদের অবিলম্বের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি।
বুধবার (১৩ মে) বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ ও মহাসচিব কে এস হোসেন টমাস এক বিবৃতিতে দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা জানান, মোস্তা মল্লিক মোস্তাফিজুর রহমাবাদি হয়ে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে গাইবান্ধা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রশাসন অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগে মোস্তা মল্লিক উল্লেখ করেছেন, গাইবান্ধায় স্থানীয় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ কিছুদিন ধরে দলিল লেখকদের কাছ থেকে দলিলপ্রতি ৫০০ টাকা চাঁদা দাবি করে আসছে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজ-সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে গত রবিবার গাইবান্ধা সাব রেজিস্ট্রার অফিসে এসে মব সৃষ্টির চেষ্টা, মোস্তা মল্লিকসহ কয়েকজনকে লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দেয়।
ফলে, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে দলিল লেখকরা মানববন্ধন ও কলম বিরতীসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দলিল লেখকরা সাধারণ মানুষকে আইনি ও দলিল সংক্রান্ত সেবা দিয়ে আসছেন। অথচ সন্ত্রাসী-চাঁদাবাজরা দেশের বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি ও মবসদৃশ পরিস্থিতি তৈরি করে সরকারি অফিসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বের এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।
মতলু মল্লিক/এসএন