সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এদিন আসামির পক্ষে জামিন শুনানি হয়নি। পুলিশের পক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়নি।
এর আগে সোমবার (১৯ মে) রাতে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লায়লা পারভিন সেঁজুতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি তালা উপজেলার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্বরত ছিলেন।
সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে। ১৯৯৬ সালের ১৯ জুন দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন স ম আলাউদ্দীন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি করে। আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাজমুল/মেহেদী/