নিবন্ধন ত্রুটি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ৪ সদস্যের প্রতিনিধিদল।
রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে তারা বৈঠক করছে।
এনসিপি প্রতিনিধি দলে রয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এদিকে নিবন্ধন আগ্রহী দলগুলোর ছোটোখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমার দেওয়ার আজ শেষদিন।
ইতোমধ্যে ১৪৪ নতুন দলের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে মধ্য জুলাইয়ে এ চিঠি দেওয়া হয়। এরই অংশ হিসেবে বৈঠকে বসেছে এনসিপির প্রতিনিধিদল।
দলটির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ইসি ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি বা ত্রুটি চিহ্নিত করে ৩ অগাস্টের মধ্যে তা পূরণ করতে বলেছে।
তথ্য ঘাটতি বা ত্রুটির মধ্যে রয়েছে- সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়- এমন প্রত্যয়ন এবং প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান।
এলিস/মেহেদী/