ময়মনসিংহের গৌরীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কমিটি গঠনের গুরুত্বারোপ, ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানো ও দলকে নির্বাচনমুখী করতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আলোচনাসভা করে যাচ্ছে উপজেলা বিএনপি।
এর ধারাবাহিকতায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় হাসনপুর বাজারে আলোচনাসভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন সিধলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আক্কাস আলী।
সঞ্চালনা করেন সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপন চৌধুরী।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার ভাংনামারী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বয়রা বাজারেও আলোচনাসভা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন ‘আমরা বিএনপি নেতৃবৃন্দ সবসময় চেয়েছি যে, যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের জন্য মঙ্গল হবে। দেশের যে বিশৃঙ্খল পরিবেশ সেটি রাজনৈতিক সরকার ছাড়া, নির্দিষ্ট দলের সরকার ছাড়া, জনগণের ভোটের সরকার ব্যতিরেকে শৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। আমরা যারা রাজনীতি করি তার এটা উপলব্ধি করি।’
তিনি আরও বলেন, আজকে আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে গেছে। কিন্ত তাদের দোসররা রয়ে গেছে। অনেক নেতা-কর্মী ভাবছেন, আমাদের দলের অনেক সিনিয়র নেতারাও হয়তো ভাবছেন- ভোট হলেই হয়তো বা বিএনপি পাস করে যাবে। এমন সুখের নির্বাচন কিন্ত আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নয়। দেশনায়ক তারেক রহমান সেটি বারবার বুঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন। জনগণকে আগে বিশ্বাস করাতে হবে যে - আমরা ক্ষমতায় গেলে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করব এবং জনগণের সেখান থেকে ভাগ্য নির্ধারণ হবে এবং তখনই মানুষ ভোট দেবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন - উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, তাজুল ইসলাম খোকন, শেখ মোহাম্মদ শামছুদ্দীন, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, জায়েদুর রহমান, সদস্য নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক তালুকদার, ওয়ার্ড বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন, আলামিন, সিধলা ইউনিয়ন যুবদলের সভাপতি ফরহাদ হোসেন তালুকদার, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য শাহজাহান প্রমুখ।