বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ সাধারণ ডায়েরি করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দিন চাকলাদার নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে এলে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালাল উদ্দিনও একটি সাধারণ ডায়েরি করেছেন।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হতে পারে।’
ভুক্তভোগী জালাল উদ্দিন বলেন, ‘গত ২৮ তারিখ গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোররাতে ফোন করে জানান, তিনি সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়কে ক্ষতি করেছেন। এরপর টাকা দাবি করে এবং পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দেওয়া ও সংবাদ সম্মেলন করে হেনস্তা করার হুমকি দেন। পরে বিষয়টি টুকু ভাইকে জানালে তিনি আমাকে সাহস দিয়ে পাশে থাকার আশ্বাস দেন এবং আইনের আশ্রয় নিতে অনুরোধ করেন। এরপর আমি থানায় সাধারণ ডায়েরি করি।’
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করছি। প্রতিটি বক্তব্যে চাঁদাবাজিসহ অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে চাপে রাখি। ধারণা করছি, এসব কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও জনগণের আস্থা নষ্ট করতে এ ধরনের নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।’
উল্লেখ্য, এর আগেও টাঙ্গাইলে বেনামি চিঠিসহ নানাভাবে চাঁদাবাজির অভিযোগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
জুয়েল/রিফাত/