আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে ওইদিন (বুধবার) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন। একই দিনে নওগাঁ ও বগুড়াতেও জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এদিকে, তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় নেতারা জানান, রাজশাহীর এই জনসভা থেকেই তারেক রহমান রাজশাহী অঞ্চলসহ উত্তরাঞ্চলের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি দলীয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক গতি আরও বাড়াবেন।
জানা যায়, তারেক রহমানের সফর ও জনসভা সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসভবনে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনসভার তারিখ, সময় ও সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়। এতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমানের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন পর সরাসরি মাঠের জনসমাবেশে বিএনপি চেয়ারম্যানের উপস্থিতি নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। জনসভাগুলোতে তিনি দলের নির্বাচনি অঙ্গীকার, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সরাসরি জনগণের সামনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন সৈকত জানান, আগামী বুধবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
তিনি আরও জানান, রাজশাহীর কর্মসূচি শেষে বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। নওগাঁর জনসভা শেষ করে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।
এনায়েত/এসজি/