চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনি প্রচারণার মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সরোয়ার আলমগীরকে সমর্থন করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির কাজীরহাট বড় মাদরাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি জামায়াতকে ভোট দেওয়ার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মো. সরোয়ার আলমগীরও উপস্থিত ছিলেন।
আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ‘তার দৃষ্টিতে এটি সাধারণ নির্বাচন নয় এবং তিনি জামায়াতের রাজনীতির বিরোধিতা করেন। তিনি ধর্মীয় ব্যাখ্যা দিয়ে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানান।’
বিএনপি প্রার্থীকে সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থীকে সমর্থন করার মূল উদ্দেশ্য হলো জামায়াতের রাজনৈতিক ভূমিকার বিরোধিতা করা। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, যদি জামায়াত রাষ্ট্রীয় দায়িত্বে আসে, তাহলে দেশ ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হতে পারে।’
অনুষ্ঠানে বিপুলসংখ্যক আলেম-ওলামা, মাশায়েখ,মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বুখারী শরীফ খতম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা পর্বে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়।
এ সময় নাজিরহাট বড় মাদরাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ স্থানীয় শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।
নাজমুল/রিফাত/