নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল পায়নি কোনো সাফল্য। ফলে ইংল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে সুইসদের ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। টুর্নামেন্টজুড়ে সমর্থকদের মন ভরানো ফুটবল না খেলেও সেমিফাইনালে উঠল ইংলিশরা।
ডুসেলডর্ফে ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি দুই দল। এমন কি গোলমুখে নিতে পারেনি কার্যকর কোনো শটও। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সাউথগেটের শিষ্যদের ওপর চাপ তৈরি করে সুইজারল্যান্ড। সফলতা পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৫তম মিনিট পর্যন্ত। এনদোয়ের ক্রস থেকে গোল করে সুইসদের এগিয়ে দেন ব্রিল এমবোলো। এর মিনিট পাঁচেক পর গোল শোধ করে ইংলিশদের সমতায় ফেরান বুকায়ো সাকা। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পেনাল্টি শুটআউটে নির্ধারিত হয় ম্যাচের ফল।