সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে জসপ্রিত বুমরাহ রেখেছিলেন অসামান্য অবদান। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে তার শেষ দুই ওভারে বড় প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছিল ভারতের শিরোপা জয়ে। এবার আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের এই পেসার।
মাসসেরার পুরস্কার জিততে বুমরাহকে পরাজিত করতে হয়েছে তারই স্বদেশী বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে।
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে অবিশ্বাস্য ইকোনমি রেট ৪.১৭ এ উইকেট শিকার করেছেন ১৫ উইকেট। তার আগুন ঝরানো বোলিংয়েই সহজ হয়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ জয়।
নারীদের মাসসেরা নির্বাচিত হয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরপর দুই শতক হাঁকানোর পর তৃতীয় ম্যাচে ৯০ রান করে তার ব্যাটে আসে মোট ৩৪৩ রান।
২০২১ সালে প্রথম এই মাসসেরার পুরস্কার দেওয়া শুরু হয়। এরপর থেকে প্রথমবারের মতো নারী এবং পুরুষ দুজনই একই দেশ থেকে কোনো মাসে সেরা নির্বাচিত হওয়ার প্রথম ঘটনা এটি।