সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ম্যাচে আগামীকাল (রবিবার) ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল ম্যাচটি সামনে রেখে আজ কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টার্স মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে দলের অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাবিনা খাতুন।
জানা গেছে, তার কিছুটা চোট সমস্যা রয়েছে। তবে আশার কথা, সেই চোট খুব একটা গুরুতর নয়। ভুটান ম্যাচে সাবিনাকে পাওয়া নিয়ে খুব একটা অনিশ্চয়তা নেই বলেই জানিয়েছেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু।
অনুশীলন শেষে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেছেন, সাবিনা হালকা জ্বরে ভুগছেন। ভুটানের বিপক্ষে সাবিনা খেলতে না পারলেও তিনি চিন্তিত নন। তবে মিডফিল্ডার মারিয়া মান্দা বলেছেন, 'আপু খেলতে পারবেন। হালকা শরীর খারাপ। খেলতে কোনো সমস্যা হবে না।'
এদিকে পাকিস্তান ম্যাচে পাওয়া চোটে এখনে ভুগছেন শামসুন্নাহার জুনিয়র। ভারত ম্যাচের আগে অনুশীলনের দিনে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তবে আজ অনুশীলন করেছেন তিনি। তবে মাঠে নামার আগে ছিলেন বেশ সতর্ক।
দুই বছর আগের সাফেও সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রতিপক্ষকে ৮-০ গোলে উড়িয়ে পা রাখে সেমিফাইনালে। পরে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা ঘরে তুলে।