আরও একবার দলের ভক্তদের হতাশ করে হারের তিক্ত অভিজ্ঞতা পেল আর্সেনাল। ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নেমে ১-০ ব্যবধানে হেরেছে তারা। এই পরাজয়ে ইতালিতে টানা পাঁচ ম্যাচ গোলহীন থাকতে হলো ইংলিশ ক্লাবটিকে।
আর্সেনালের হারের রাতে অবশ্য পর্তুগাল থেকে কষ্টার্জিত জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। সবশেষ দুই ম্যাচে অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে হারার পর জার্মান ক্লাবটি এবার বেনফিকাকে হারিয়েছে ১-০ গোলে।
২০০২-০৩ মৌসুমে আর্সেনাল ও ইন্টার মিলান সবশেষ মুখোমুখি হয়েছিল এক-অপরের। সেবার ৩-০ ব্যবধানে জয় পেলেও এবার অন্তত ড্র তো আশা করেছিল অবশ্যই তারা।
আর্সেনাল হেরেছে পেনাল্টি থেকে গোল হজম করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্সেনাল বক্সে মেহদি তারেমির শট মিকেল মেরিনোর হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই পেনাল্টি থেকে হাকান কালহানগলু গোল করে ইন্টারকে এগিয়ে নেন। তবে রেফারির এই সিদ্ধান্তকে ভালোভাবে নিতে পারেননি আর্সেনালের খেলোয়াড়রা। পেনাল্টি থেকে গোল হজমের আগে গানারদের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি।
এদিকে, জয়ে ফেরা বায়ার্ন বেনফিকার মাঠে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পেতে কষ্ট করতে হয়েছে অনেক। ২৪টি শটের ১০টি লক্ষ্যে রেখেও গোল করেছে তারা ৬৪ মিনিটে। গোলটি করেন জামাল মুসিয়ালা।
ওই এক গোলেই জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্ন মিউনিখের। তবে এই জয় স্বস্তিদায়কও বটে বায়ার্নের জন্য। কেননা, দিনামো জাগরেবের বিপক্ষে ৯-২ ব্যবধানের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেও অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে হারতে হয়েছে জার্মানির ক্লাবটিকে।