বাংলাদেশের জার্সিতে অভিষেক হলো আরও দুই প্রবাসী ফুটবলারের। অবশ্য সেটা জাতীয় দলে নয়; অনূর্ধ্ব-২৩ দলে।
বাংলাদেশ সময় সোমবার (১৮ আগস্ট) রাতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেই ম্যাচে লাল-সবুজ জার্সিতে খেলেছেন দুই প্রবাসী জায়ান আহমেদ ও তানিল সালিক।
ক্লোজ-ডোর ম্যাচটির ফল আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে দলীয় সূত্রে জানা গেছে, ম্যাচটি ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান ম্যাচটিতে শুরুর একাদশে সুযোগ পান। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার তানিল দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেছেন।
বাফুফের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে জায়ান লাল-সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলার অনুভূতি জানিয়েছেন। চোখ মুখে রোমাঞ্চ নিয়ে জায়ান বলেন, ‘আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ ছিল। ম্যাচটি প্রায় সমতায় ছিল। দশের মধ্যে নিজেকে সাড়ে সাত দেব। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি।’
দলের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘টিম পারফরম্যান্স দশের মধ্যে আট (দেব)। আমরা গোলের সুযোগ পেয়েছি, প্রতি আক্রমণও হয়েছে। ভিয়েতনামের জন্য আমরা অনেক কষ্ট করছি-অনুশীলন, ভিডিও, মিটিং। আমাদের দল ভালো এবং মেধাবী।’
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১২ দিনের এই ক্যাম্পের সূচিতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও রাখা হয়। যার প্রথমটি অনুষ্ঠিত হয়েছে গতকাল। দ্বিতীয় প্রীতি ম্যাচটি শুক্রবার অনুষ্ঠিত হবে।
তবে দল ঢাকায় ফিরবে ২৬ আগস্ট। এর আগ পর্যন্ত বাহরাইনে দলের অনুশীলন চলবে। ঢাকায় ফেরার তিন দিন পর ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করবে দল। সেখানে ৩ থেকে ৯ সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘সি’ গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ও বাংলাদেশের সঙ্গে আরও রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর।