ইনিংসের শেষ ওভার গুলোতে বেশি রান তুলতে চায় যেকোনো দল। বিশেষ করে শেষ ২-৩ ওভারে প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালাতে চান ব্যাটাররা। তবে শেষ দুই ওভারে দলের বোর্ডে যখন রান ১১৫। তখন আর কতই বা আশা করা যায়?
স্বাভাবিকভাবেই ১৫০ এর বেশি আশা করা কঠিন। ক্ষেত্রবিশেষে তো ১৫০ রান করাই হয়ে পড় দুঃসাধ্য। কিন্তু সেই দুঃসাধ্য কাজের চেয়েও বেশি দুঃসাধ্য কাজ করে দেখিয়েছে সালমান নিজার। শেষ ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে দলের ইনিংস শেষ করলেন ১৮৬ রান তুলে।
সালমান নিজার এই অবিশ্বাস্য রান তুলেছেন কেরালা প্রিমিয়ার লিগে কালিকট গ্লোবস্টার্সের হয়ে।
গতকাল (৩০ আগস্ট) কালিকট গ্লোবস্টার্সের হয়ে আদানি তিরুবনন্তপুরম রয়্যালসের বিপক্ষে খেলতে নেমে মাত্র ২৬ বলে ৮৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তিনি। তিনি একাই হাঁকিয়েছেন ১২টি ছক্কা। ইনিংসে ছিল না কোনো চার।
কালিকট গ্লোবস্টার্সের শুরুটা অবশ্য ভালো ছিল না মোটেও। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের রান ছিল ৪০। নিজার উইকেটে যখন আসেন তখন দলের রান ছিল ৪ উইকেটে ৭৬। তিনিও তখন ছিলেন চাপে। ১৮ ওভার শেষে যখন দলের রান ১১৫, তখন তার রান ছিল ১৩ বলে ১৭।
এরপরই অবিশ্বাস্য এক ঝড় বইয়ে দেন তিনি প্রতিপক্ষের ওপর। আইপিএলে ২৫ ম্যাচ ম্যাচ খেলা বাসিল থাম্পিকে ৫ বলে ৫ ছয় হাঁকান নিজার। শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রাখেন। ফলে সেই ওভারে আসে ৩১ রান।
শেষ ওভার করতে আসা অভিজিৎ প্রাভীন প্রথম বলেই গজম করেন ছক্কা। এরপর ওয়াইড ও নো দেন তিনি। পরর ৫ বলে টানা ৫ ছক্কায় শেষ ওভারে ওঠে ৪০ রান।
শেষ ১৩ বলে আসে ৬৯ রান। যেখানে ছিল ১১ ছক্কা। নিজার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৬ রানে। কালিকট গ্লোবস্টার্সের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ১৮৬।
জবাব দিতে নেমে তিরুবনন্তপুরম রয়্যালস ১৭৩ রানে অলআউট হয়। ফলে ১৩ রানে জয় পায় গ্লোবস্টার্স।
নিলয়/