বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক কে? প্রশ্নটা অবান্তর মনে হতে পারে অনেকের কাছে। অধিনায়ক তো জামাল ভূঁইয়াই। হ্যাঁ, জামালই বাংলাদেশ দলের অধিনায়ক। কিন্তু এরপরও ইদানীং বাংলাদেশের যে কোনো ম্যাচের শুরুতে খেলোয়াড় তালিকায় কৌতূহলী দৃষ্টি থাকে ফুটবল সমর্থকদের। দীর্ঘদিন ধরে জামাল ভূঁইয়া অধিনায়ক হলেও তার সেরা একাদশে জায়গা পাওয়াটা যে এখন নিশ্চিত নয়। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। মার্চে ভারত ও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির কোনোটিতেই তিনি মাঠে নামার সুযোগ পাননি। পুরো সময় বেঞ্চে কাটাতে হয়েছে।
তবে ভারত ও সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে জামালই উপস্থিত ছিলেন। আজ জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া হংকং চায়না ম্যাচের সংবাদ সম্মেলনেও কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে অধিনায়ক হিসেবে এসেছিলেন জামালই। তিনি মাঠে থাকবেন কিনা, এই কৌতূহল অবশ্য আজকের ম্যাচ শুরুর সময় পর্যন্তই থাকবে। কারণ কাবরেরাকে এনিয়ে প্রশ্ন করা হলেও সরাসরি এর উত্তর দেননি। শুধু বলেছেন, ‘জামাল অধিনায়ক, এটা নিশ্চিত’।
সেই অধিনায়ক জামাল আজকের হংকং চায়না ম্যাচের প্রস্তুতি প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। শেষ কয়েক দিন হংকং চায়না দল নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ওদের শক্তি-দুর্বলতা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করেছি। সার্বিকভাবে প্রস্তুতি ভালো এবং সবাই খুব রোমাঞ্চিত।’
বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অনেকটা বাঁচা-মরার লড়াই। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই স্থানে সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত। র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা আজকের ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায় করা না গেলে মূল পর্বের আশা ফিকে হয়ে যাবে হাভিয়ের কাবরেরার দলের।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী, কানাডা জাতীয় দলে খেলা সামিত সোমের মতো ফুটবলার যুক্ত হওয়ায় দেশের ফুটবল নিয়ে মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি। সবার স্বপ্ন হামজা-সামিতদের বদৌলতে এবার এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। এক দিন আগে হামজা জয়ের বিশ্বাসের কথাই বলেছেন। সিলেটি সুরে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন করমু।’
কিন্তু এই উইন করতে হলে সতীর্থদের ৯৫ মিনিট একই ধাঁচে খেলার বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। সিঙ্গাপুর ম্যাচের উদাহরণ টেনে জামাল বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু খেলা তো ৯০ মিনিটের। শুরুর ১০ মিনিট বা শেষ ১৫-২০ মিনিট ভালো খেললে তো হবে না। যদি জিততে হয় তাহলে আমাদের ৯৫ মিনিট ভালো খেলতে হবে। শুধু ২০ বা ৩০ মিনিট ভালো খেলে লাভ নেই।’
জামাল জানিয়েছেন তারা হংকং চায়নাকে নিয়ে বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছেন। তাদের দুর্বলতা খুঁজে বের করেছেন। যদিও সেই দুর্বলতা কি তা বলতে চাননি জামাল, ‘হংকংয়ের যে দুর্বলতা আছে, সেটা তো আমি আপনার সঙ্গে শেয়ার করব না। তবে আমরা নিজেদের মধ্যে আলাপ করেছি। যারা খেলবে, তাদের নিজেদের মান, মেধা এবং সাহস দেখাতে হবে।’
আসলেই তাই। সিঙ্গাপুরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ভারতকে ১-০ গোলে হারিয়েছে হংকং চায়না। বাংলাদেশ সেখানে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে ২-১ গোলে। সেটাও নিজেদের মাঠে। আজ অবশ্য জয় তুলে নিতে পারলে টেবিলে হংকংয়ের চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে হামজা-জামালদের।
চঞ্চল/নিলয়/