বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান সাবেক আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্স মার্শাল, যিনি ইতোমধ্যেই আগের বিপিএল মৌসুমে দুর্নীতির অভিযোগ নিয়ে বোর্ড গঠিত একটি স্বাধীন কমিটির তৈরি ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে কাজ করছেন।
মোখলেছুর রহমান ৬ অক্টোবরের নির্বাচনে বিসিবির পরিচালক হন। তিনি দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বোর্ড কাউন্সিলর (সদস্য) ছিলেন। তবে অভিযোগ ওঠার পর তিনি বিসিবির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রহমানের বিরুদ্ধে তদন্ত এমন সময়ে শুরু হলো, যখন বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়ে আইসিসির সঙ্গে টানাপোড়েনে রয়েছে।
এই মাসে বিতর্কে জড়ানো দ্বিতীয় বিসিবি পরিচালক হলেন মোখলেছুর রহমান। এর আগে ১৫ ডিসেম্বর এম নাজমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এবং এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল ম্যাচ বর্জন করেছিলেন।
বিসিবি নাজমুলকে আর্থিক কমিটির চেয়ারম্যান পদ থেকে ‘অব্যাহতি’ দিয়েছে, যদিও তিনি এখনো পরিচালক হিসেবে রয়েছেন। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে বিপিএল ম্যাচ দেখতে নাজমুলকে দেখা গেছে।
অনিক/