প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সদ্ব্যবহার করে লা লিগার তলানিতে থাকা রিয়াল ওভেইদোকে ৩-০ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান দখল করল বার্সেলোনা। রবিবার (২৫ জানুয়ারি) রাতে ভারী বৃষ্টির মধ্যে ক্যাম্প ন্যুতে দানি ওলমো, রাফিনহা ও লামিনে ইয়ামালের নৈপুণ্যে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে বার্সার অর্জন ৫২ পয়েন্টে, যা রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট বেশি। আতলেতিকো মাদ্রিদ ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ম্যাচের ৫২ মিনিটে প্রথম গোল আসে। ওভেইদোর রক্ষণভাগের ভুলে বল পেয়ে দানি ওলমো ঠান্ডা মাথায় জালে পাঠান। পাঁচ মিনিট পর আরেকটি ভুলে রাফিনহা বল ছিনিয়ে নিয়ে গোলরক্ষক অ্যারন এসকানদেলকে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে লামিনে ইয়ামাল ওলমোর ক্রস থেকে ভলিতে স্কোরলাইন ৩-০ করেন।
ভারি বৃষ্টির মধ্যে ম্যাচের শুরুটা ছিল ধীরগতির। মাত্র দুইটি জয় নিয়ে মৌসুমে ধুঁকতে থাকা ওভেইদো স্বাগতিকদের চাপে ফেলেছিল। ২৯ মিনিটে মরক্কোর ইলিয়াস চেয়ারার শট অল্পের জন্য বাইরে যায়। এর আগে হাইসেম হাসানও দ্রুত আক্রমণে বার্সার রক্ষণভাগে আতঙ্ক ছড়ান।
চোটের কারণে পেদ্রি না থাকায় বার্সেলোনার মাঝমাঠে সৃষ্টিশীলতার কিছুটা অভাব ছিল। তবু ৩৩ মিনিটে ইয়ামালের ক্রস থেকে রবার্ট লেভানদভস্কির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে দুই দলই সুযোগ পায়। বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়া চেয়ারার কাছ থেকে ক্লোজ রেঞ্জের শট বাঁচান, আর ওভেইদোর এসকানদেল রাফিনহার ভলি ঠেকাতে অসাধারণ রিফ্লেক্স দেখান।
ম্যাচ শেষে রাফিনহা বলেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল ওপরে চাপ দিয়ে দ্রুত বল উদ্ধার করা। তাদের ডিফেন্ডারদের সঙ্গে যা হয়েছে, সেটা দুঃখজনক, কিন্তু সেটাই আমার কাজ। আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। প্রথমার্ধে আমরা সেরা ছিলাম না, কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করতে পেরেছি- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ম্যাচে ইয়ামালের গোলটি ছিল সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। ওলমোর নিখুঁত ক্রস থেকে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড দূর পোস্টে লাফিয়ে এক দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান। ম্যাচ চলাকালে ভারী বৃষ্টি শিলাবৃষ্টিতে রূপ নেয়, ফলে অনেক দর্শক আশ্রয়ের জন্য স্ট্যান্ড ছেড়ে চলে যান। শেষ দিকে ক্যাম্প ন্যু প্রায় ফাঁকা হয়ে পড়ে।
অনিক/