সামনে যে-ই এলেন, খড়কুটোর কতো উড়িয়ে দিলেন এইডেন মার্করাম। তার ব্যাটের এতটাই গতি যে পাত্তাই পায়নি ক্যারিবিয়ান গতি। এমনই দাপুটে ব্যাটিংয়ে ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবং দলকে পাইয়ে দিয়েছেন রেকর্ড জয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) পার্লের বোল্যান্ড পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৯ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ করেছিল ৭ উইকেটে ১৭৩ রান। ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। ক্যারিবিয়ানদের বিপক্ষে উইকেট বিবেচনায় এটাই তাদের সবচেয়ে বড় জয়।
সফরকারীদের ব্যাটিংয়ে ছিল পঞ্চাশোর্ব্ধ কোনো ইনিংস। সর্বোচ্চ ৪৮ রান আসে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে। রভম্যান পাওয়েল অপরাজিত ছিলেন ২৯ রানে, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি অন্যদের অল্প অল্প অবদানে লড়াই করার মতো পুঁজি দাঁড় করায় উইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্জ লিন্ডে। কেশব মহারাজ এবং কর্বিন বোশ ২টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় উইন্ডিজের লড়াকু পুঁজিকে মামুলি বানিয়ে দেন মার্করাম। উদ্বোধনী জুটিতে ৯৩ রানের জুটি গড়ে তোলেন লুয়ান-ড্রি প্রিটোরিয়াসকে সঙ্গে নিয়ে। ২৮ বলে ৪৪ রান করে থামেন প্রিটোরিয়াস। তাকে থামান রস্তন চেজ। এরপর রায়ান রিকেল্টনকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু অনায়াসে সারেন মার্করাম।
৩২ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন রিকেল্টন। মার্করামের ৮৬ রানের ইনিংসে ছিল ৯ চার এবং ৩ ছক্কার মার। যদিও ম্যাচসেরার পুরস্কার উঠেনি তার হাতে, যা জিতেছেন জর্জ লিন্ডে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং উইন্ডিজ।
অনিক/