টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। আজ (১৭ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। যদি জিম্বাবুয়ে জিতে যায়, তাহলে সুপার এইট নিশ্চিত হবে তাদের এবং একইসঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। অর্থাৎ অজিদের ভাগ্য এখন জিম্বাবুইয়ানদের হাতে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি অঘটন ঘটেছে। ঘটিয়েছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে। সেই ধাক্কার পর গতকাল শ্রীলঙ্কার কাছে হেরে গেছে মিচেল মার্শের দল। ৩ ম্যাচে দুই হার এবং এক জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে অজিরা। তাদের হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা।
টেবিলে দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ৪ পয়েন্ট। প্রথম দুই ম্যাচে জিতে তারা খুব ফুরফুরে মেজাজে আছে। আজ আয়ারল্যান্ড ম্যাচে হারলেও তাদের সুযোগ থাকবে। সেক্ষেত্রে জয় পেতে হতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে। যদি জিম্বাবুয়ে এই দুই ম্যাচেই হেরে যায় এবং অস্ট্রেলিয়ার তাদের শেষ ম্যাচে জিতে, তাহলে রক্ষা পাবেন মার্শরা। ভাগ্যবিধাতা কি এতটা সহায় হবেন তাদের প্রতি?
অনিক/