টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ‘মাস্ট-উইন’ ম্যাচে আজ (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম (চীপক) জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হারের পর সূর্যকুমার যাদবদের সেমিফাইনালের আশা এখন সুতোয় ঝুলছে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই ম্যাচ জিততেই হবে, পাশাপাশি অন্য ম্যাচের ফলও তাদের পক্ষে যেতে হবে। অর্থাৎ এখন আর কোনো ভুলের সুযোগ নেই।
চীপকে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই সময়ে দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য পরিমাণ শিশির পড়ে, যা ব্যাটিংকে সহজ এবং বোলিংকে কঠিন করে তোলে। ম্যাচজুড়ে সমতা বজায় রাখতে চীপক স্টেডিয়ামে ‘ডিউ কিওর’ নামে নতুন একটি আমদানি করা রাসায়নিক ব্যবহার করা হচ্ছে বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাসায়নিকটি যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে।
মঙ্গলবার ও বুধবার মাঠে ‘ডিউ কিওর’ স্প্রে করা হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলেও তা পুনরায় প্রয়োগের পরিকল্পনা রয়েছে, যাতে ভারত-জিম্বাবুয়ে রাতের ম্যাচে শিশিরের প্রভাব কমানো যায়। ম্যাচ চলাকালে আর্দ্রতার মাত্রা ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এতে দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি সময়ে আউটফিল্ড পিচ্ছিল হয়ে যেতে পারে এবং বল ভেজা হয়ে পড়তে পারে।
ঐতিহ্যগতভাবে চীপকের উইকেট স্পিনারদের জন্য সহায়ক। পিচে গ্রিপ থাকে, বল ঘোরে, আর ব্যাটিং করতে ধৈর্যের প্রয়োজন হয়। তাই টস কেবল আনুষ্ঠানিকতা নয়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চেন্নাইয়ে আলোয় খেলা ম্যাচে ভারী শিশিরের সম্ভাবনা থাকলে অধিনায়করা প্রায়ই আগে ফিল্ডিং করতে চান।
ভারত ও জিম্বাবুয়ে, দুই দলই নিজেদের সুপার এইটের ম্যাচ হেরে চীপকে আসছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বিধ্বস্ত হয়েছে। আর জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছে।
অনিক/