মোনাকোর কাছে ৩–১ গোলে হেরে চলতি লিগ ওয়ান মৌসুমে প্রথমবার ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার (৬ মার্চ) রাতে পার্ক দেস প্রিন্সেসে এই ফল লিগের শিরোপা লড়াইও কিছুটা জমিয়ে তুলেছে।
মোনাকোর হয়ে গোল করেন ম্যাঘনেস আকলিউচ, আলেকহান্দ্রো গোলোভিন এবং ফোলারিন বালোগান। পিএসজির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ব্র্যাডলি বার্কেলো। টেবিলের শীর্ষে থাকা পিএসজি এখনও দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে। রবিবার লেন্স যদি নিজেদের মাঠে তলানিতে থাকা মেটজেকে হারাতে পারে, তাহলে ব্যবধান আরও কমে আসবে।
অন্যদিকে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দাপটে বিদায় নেওয়া মোনাকো এই জয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট এখন ৪০, যা পিএসজির চেয়ে এখনও ১৭ পয়েন্ট কম। এই হারের ধাক্কা কাটিয়ে উঠতে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে পিএসজিকে। কারণ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা রক্ষার লড়াইয়ে তারা মুখোমুখি হবে চেলসির।
অনিক/