ছবি: সংগৃহীত
প্রস্তুতি ম্যাচে প্রস্তুত থাকার বার্তা দিল পর্তুগাল। শনিবার (৬ জুন) রাতে চিলিকে হারিয়ে হারিয়েছে ২-১ গোলে। যদিও দলের জয়ে জালের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো ৪৫ মিনিট খেললেও গোলমুখে সফল হতে পারেননি পর্তুগিজ যুবরাজ।
পর্তুগাল জিতেছে গনকালো গুইদেস এবং ব্রুনো ফার্নান্দেজের স্ট্রাইকে। দ্বিতীয়ার্ধে গোল পান তারা। ইনজুরি টাইমে একটি শোধ দেয় চিলি। জমজমাট ম্যাচটিতে ছিল দুই লাল কার্ডও। প্রথমার্ধে যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় উভয় দল।
ম্যাচে পর্তুগালের জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। কিন্তু সেটা হয়নি চিলির গোলরক্ষক লরেন্স ভিগুরুক্সের কারণে। রুবেন দিয়াসের দুর্দান্ত একটি হেড দৃষ্টিনন্দন সেভের মাধ্যমে ঠেকিয়ে দেন তিনি। আক্রমণের পসরা সাজানো পর্তুগিজদের আরও কয়েকবার হতাশ করেন ভিগুরুক্স।
পর্তুগালের হতাশা আরও বাড়ে যখন রাফায়েল লিয়াও পোস্টে আঘাত হানেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাওয়া এবং বিশ্বকাপ জিতে পূর্ণতা লক্ষ্য নিয়ে থাকা রোনালদোও ভিগুরুক্সের কাছে ব্যর্থ হন। বিরতির আগে অবশ্য জালে বল পাঠিয়েছিলেন সিআর-সেভেন কিন্তু অফসাইডের ফ্লাগে সেটা বাতিল হয়।
গোলের ক্ষুধায় ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে লিয়াওর সঙ্গে ধস্তধস্তিতে জড়িয়ে যান ইভান রোমান। সেই ঘটনায় দুইজনকেই লাল কার্ড দেখানো হয়। এমনই উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই। দ্বিতীয়ার্ধে আর নামানো হয়নি রোনালদোকে। তবে তাকে ছাড়াই জয় তুলে নেয় রবার্তো মার্তিনেজের শিষ্যরা।
বিপরীতে দ্বিতীয়ার্ধেও ভিগুরুক্সের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত থাকে। এবার তিনি ক্যানসেলোর ওভারহেড বাইসাইকেল কিক কর্নারের ওপরে ঠেলে দিয়ে আবারও দলকে রক্ষা করেন। অবশেষে ৫৮ মিনিটে পর্তুগালের গোল আসে বদলি খেলোয়াড় গুইদেসের বদৌলতে। রুবেন নেভেসের পাসে একা এগিয়ে গিয়ে চিলিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
তবুও ভিগুরুক্স পর্তুগালের জন্য বড় বাধা হয়েই ছিলেন। এবার তিনি ডিয়েগো দালোতকে গোলবঞ্চিত করেন। অনেকটা ফাঁকা জায়গা পেয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার গোলরক্ষককে বোকা বানাতে পারেননি। তবে তার ক্লাব সতীর্থকে থামানো যায়নি ৭৫ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ফার্নান্দেস অধিনায়কসুলভ নেতৃত্বের প্রমাণ দেন।
বাঁকানো শটে ফার্নান্দেস বল পাঠিয়ে দেন জালের বাম কোণে, যেখানে চিলির গোলরক্ষকের কিছুই করার ছিল না। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে চিলি একটি সান্ত্বনাসূচক গোল শোধ করে।
২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে নাইজেরিয়ার। এরপর তারা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে ১৭ জুন বুধবার নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে খেলবে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।
অনিক/