কুমিল্লার ধর্মসাগরের গা ঘেঁষে দাঁড়িয়ে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, যা ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ড। এ মাঠেই জোড়া গোলের সুবাস মাখলেন সৌরভ দেওয়ান। এই ফরোয়ার্ডের নৈপুণ্যে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেল সাদা কালো জার্সিধারীরা।
মঙ্গলবার (১২ মে) প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ালিফিকেশন ম্যাচে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান। প্রথমার্ধে সৌরভের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। দ্বিতীয়ার্ধে জামাল ভুঁইয়া ব্রাদার্সকে সমতা এনে দেন। সবাই যখন ধরে নিয়েছেন অতিরিক্ত সময়ে গড়াচ্ছে খেলা, ঠিক সেই সময়ই আরও একবার দৃশ্যপটে হাজির হন সৌরভ। যোগ করা সময়ে দারুণ এক গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।
সাম্প্রতিক সময়ে মোহামেডানের হয়ে দারুণ সময় পার করছেন সৌরভ, তবে দল হিসেবে মোহামেডান খুব বেশি নজর কাড়তে পারেনি বলেই হয়ত সৌরভও আড়ালে পড়ে ছিলেন। ফেডারেশন কাপ দিয়ে অবশ্য মোহামেডান নিজেদের ব্যর্থতা ঢেকে চলেছে। যে পথে সৌরভ সম্মুখসারির নায়ক।
আজ সৌরভ তার প্রথম গোলটি করেন ৩৮ মিনিটে। ডানপ্রান্ত থেকে রহমত মিয়া ব্রাদার্সের বক্সের ভেতর লম্বা থ্রো ফেলেন। এলি কেক এমানুয়েল সেটা হেডে পেছন দিকে বাড়ি দেন। বলা ভালো একেবারে সতীর্থ সৌরভের মাথায় বল তুলে দেন। এই ফরোয়ার্ড হেডে গোল করতে ভুল করেননি।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। ব্রাদার্স ৭২ মিনিটে জামাল ভুঁইয়ার নৈপুণ্যে খেলায় ফিরে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক দারুণ এক ফ্রি কিকে গোল আদায় করেন, এতে খেলা বেশ জমে উঠে।
উভয় দলই সুযোগ তৈরি করতে থাকে, তবে কোনোটিই সেই অর্থে ধারাল ছিল না। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে যাচ্ছে, এমনই মনে হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ফের দৃশ্যপটে ধরা দেন সৌরভ।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিট চলছিল তখন। মোজাফফর মোজাফফরভের নেওয়া কর্নার বক্সের ভেতর ব্রাদার্সের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় মিনহাজুর আবেদীন রাকিবের কাছে। তিনি বুক দিয়ে বল নামাতেই তড়িৎ গতিতে ডান পায়ের শটে তা জালে জড়িয়ে দেন সৌরভ।
আগামী ১৯ মে প্রতিযোগিতার ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান।
তোফায়েল/নাঈম