আঠারো শতকের দক্ষিণ চীন সাগরের ভয়ংকর জলদস্যু চেং ই সাও ছিলেন এক অদম্য নারী, যিনি নিজেকে সমুদ্রের ‘মুকুটহীন রাণী’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। চেং-এর জীবন কাহিনি ইতিহাসে অনন্য। প্রথম জীবনে তিনি ছিলেন একজন সাধারণ যৌনকর্মী। ১৮০১ সালে চেং গংডং উপকূলবর্তী এলাকার একটি ভাসমান যৌনপল্লিতে নাম লেখান তিনি। সেখান থেকেই শুরু হয় তার অসাধারণ যাত্রা।
চেং-এর বুদ্ধি ও ব্যবসায়িক দক্ষতা তাকে স্বল্প সময়ের মধ্যে অর্থ সঞ্চয়ে সক্ষম করে। সেই সময়ের কুখ্যাত জলদস্যু জেং শি তার জীবনে প্রবেশ করেন। প্রথম দেখাতেই চেং-এর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন জেং। চেং-এর শর্ত ছিল, বিয়ে করতে হলে জেংকে তার অর্ধেক সম্পত্তি দিতে হবে। জেং এই শর্ত মেনে নেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর চেং পরিচিত হন জেং ই সাও নামে, অর্থাৎ জেং-এর স্ত্রী। এই নামেই তিনি জলদস্যু মহলে পরিচিতি অর্জন করেন।
চেং এবং তার স্বামী দক্ষিণ চীন সাগরে বিভিন্ন ছোট ছোট জলদস্যু দলকে একত্রিত করে একটি বিশাল জোট তৈরি করেন। এই জোটে প্রায় ৭০ হাজার জলদস্যু ছিল। জেন বো শাই নামের এক বালককে তারা শিক্ষানবীশ ও দত্তকপুত্র হিসেবে গ্রহণ করেন। ১৮০৭ সালে চেং-এর স্বামী মারা যান। এরপর চেং একা হাতে এই বিশাল জলদস্যু সাম্রাজ্য চালানোর দায়িত্ব নেন। তার দত্তক পুত্রকে বিয়ে করে তিনি নেতৃত্বের দায়িত্ব তাকে দেন, যাতে বিশ্বাসঘাতকতা না করে।
চেং ই সাও সমুদ্রের প্রশাসনেও নতুন দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করেন। লবণ ও মাছ ব্যবসায়ীদের জন্য পাসপোর্টের ব্যবস্থা চালু করা হয়, যার মাধ্যমে ব্যবসায়ীরা নিরাপদে সমুদ্রপথে চলাচল করতে পারতেন। চেং-এর অফিস থেকে কর আদায় করা হতো। যারা এই নিয়ম মানতেন, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হতো, আর যারা আইনভঙ্গ করতেন, তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। কার্যত একটি সমান্তরাল রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছিল।
চেং-এর নেতৃত্বে জলদস্যুরা চীন সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ব্রিটিশ ও পর্তুগিজ নৌবাহিনীও তাদের পরাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত ১৮১০ সালে চীনা সরকার উপযুক্ত পেনশন ও ক্ষমার প্রস্তাব দিলে চেং এবং তার দল দস্যুবৃত্তি থেকে সরে আসেন।
পরবর্তী জীবন গংডং-এ শান্তিপূর্ণ কাটান চেং ই সাও। তিনি সন্তানদের মানুষ করেন, ব্যবসা পরিচালনা করেন, এমনকি একটি ক্যাসিনোও খুলেছিলেন। চেং ই সাও ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার জীবন ইতিহাসে নারীর ক্ষমতা, বুদ্ধি ও নেতৃত্বের এক অনন্য প্রতীক হিসেবে রয়ে গেছে।
চেং ই সাও ১৭৭৫ সালে চীনের গংডংয়ে জন্মগ্রহণ করেন। জলদস্যু হিসেবে ২৭০টি জাহাজ দখল করেছিলেন তিনি।
মেহেদী/অমিয়/