ফিনল্যান্ডের নির্মাতা ভার্জ মোটরসাইকেলস তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক বাইক ‘ভার্জ টিএস প্রো’-এর নতুন সংস্করণ উন্মোচন করেছে। ইতালির মিলানে ‘ইআইসিএমএ’ মোটরসাইকেল শোতে এটি প্রদর্শন করা হয়। বাইকটির নকশা ও পারফরম্যান্সে উন্নতি করা হয়েছে। এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ এর পেছনের চাকায় থাকা ‘হাবলেস’ মোটর।
ভার্জ টিএস প্রো প্রথম ২০২২ সালে বাজারে আসে এবং এর ভবিষ্যৎধর্মী নকশা ও শক্তিশালী হাবলেস মোটরের জন্য সাড়া ফেলে। এবার প্রতিষ্ঠানটি বাইকটিকে আরও হালকা ও অধিক শক্তিশালী সংস্করণ হিসেবে উপস্থাপন করেছে।
এই আপডেটের কেন্দ্রে রয়েছে ভার্জের প্যাটেন্ট করা ‘ডোনাট মোটর ২.০’। ব্যতিক্রমী এই মোটর পেছনের চাকার রিমের মধ্যে বসানো। এটি ১,০০০ নিউটন-মিটার টর্ক উৎপাদন করতে পারে। নতুন মোটরটির ওজন আগের সংস্করণের চেয়ে ৫০ শতাংশ কমানো হয়েছে, যা বাইকের মোট ওজন ২৩০ কেজির মধ্যে রাখতে সহায়তা করেছে। বাইকটি মাত্র ৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ৯৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে।
মোটরের পাশাপাশি ব্যাটারিতেও অগ্রগতি করা হয়েছে। নতুন টিএস প্রো মডেলে ২০.২ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি প্যাক রয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, একবার সম্পূর্ণ চার্জে বাইকটি প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
বাইকটি আল্ট্রা-ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে। ভার্জ জানিয়েছে, মাত্র ১৫ মিনিটের চার্জে ৯৬ কিলোমিটার চলার মতো শক্তি সঞ্চয় করা সম্ভব। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৩৫ মিনিটের কম সময় লাগবে।
বাইকটিতে রাইডার-কেন্দ্রিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে বড় ডিসপ্লে, উন্নত ইউজার ইন্টারফেস ও ‘ভার্জ এইচএমআই’ সিস্টেমের মাধ্যমে উন্নত ব্লুটুথ সংযোগ সুবিধা রয়েছে। চালকের বসার ভঙ্গি আরামদায়ক করতে ২৫ ডিগ্রি কোণ সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। সাসপেনশন ব্যবস্থাও উন্নত করা হয়েছে।
বাইকটির অন্যতম প্রধান দিক ‘স্টারম্যাটার’ সফটওয়্যার প্ল্যাটফর্ম। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও ওভার দ্য এয়ার (ওটিএ) আপডেটের মাধ্যমে বাইকের পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে পারে। এর ফলে হার্ডওয়্যার পরিবর্তন ছাড়াই সফটওয়্যার আপডেটের মাধ্যমে বাইকে নতুন সুবিধা যুক্ত করা যাবে।
ভার্জের ওয়েবসাইট এবং যুক্তরাষ্ট্রের শোরুমগুলোতে আপডেটেড টিএস প্রো মডেলটির জন্য রিজার্ভেশন নেওয়া শুরু হয়েছে। তবে টেস্ট রাইডের জন্য ২০২৬ সালের শুরুর দিকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিষ্ঠানটি এখনো বাইকটির আনুষ্ঠানিক মূল্য ঘোষণা করেনি।