ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
রবিবার (৮ সেপ্টেম্বর) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়। এতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।’
বিবৃতিতে বলা হয়, ‘একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের পতনের ফলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। স্বৈরাচারের পতন এবং বাংলাদেশের নতুন এ অভিযাত্রার অগ্রপথিক আমাদের ছাত্র সমাজ। এ জন্য গোটা জাতির মতো আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, শত শত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত সফলতাকে প্রশ্নবিদ্ধ এবং নস্যাৎ করার জন্য নানামুখী তৎপরতা চলছে। এ ব্যাপারে আমাদের শিক্ষার্থীসহ দেশপ্রেমিক সবাইকে সজাগ থাকতে হবে।’
প্রশাসনে স্বৈরাচারের কোনো দোসর পুনর্বাসিত যেন না হয় তা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের কাছে ইতোমধ্যেই এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। একই সঙ্গে সদ্য বিতাড়িত স্বৈরাচারের কোনো দোসর যেন প্রশাসনে না থাকে অথবা পুনর্বাসিত না হয়, সে ব্যাপারেও আমরা নতুন প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে, দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে প্রশাসন প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

