ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন করার জন্য তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যে এসব কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে।
জানা গেছে, ডাকসু নির্বাচন সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি পরামর্শ কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধনের জন্য উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে সাতসদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে প্রথম সভা করেছে।
এ ছাড়া ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের কাছ থেকে সংশোধন প্রস্তাবনা চাওয়া হয়েছে। ইতোমধ্যে বেশকিছু প্রস্তাবনা পাওয়া গেছে। প্রস্তাবগুলো সমন্বয় করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আরিফ জাওয়াদ/সুমন/




