শিক্ষার্থীদের হাতে ভিসি লাঞ্ছিত হওয়ার মিথ্যা প্রচারণার প্রতিবাদ ও ৬ দফা দাবি মেনে না নেওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসির বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। তবে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এ সময় বাসভবনে ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি জানানো হয়েছে। কিন্তু বিশেষ সিন্ডিকেট সভায় কিছু দাবি কৌশলে এড়িয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া দাবি পূরণের জন্য আশ্বস্ত করা হয়েছে। এখনো তা মেনে নেওয়া হয়নি। সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ ও ছবি থাকার পরও প্রশাসন নির্বিকার। এটা সাধারণ ছাত্রদের প্রতি তামাশা ছাড়া কিছুই নয়। ফলে ভিসি স্যারের বাসভবনে তালা ঝুলানো হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, 'আমরা ভিসি স্যারকে নির্যাতন করেছি বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা তার সঙ্গে যথেষ্ট সম্মানের আচরণ করেছি। এর আগে ‘রক্তাক্ত কুয়েট’ নামে মঙ্গলবারের হামলার চিত্র প্রদর্শনী করে শিক্ষার্থীরা। যাতে কুয়েটের কিছু শিক্ষার্থীর সহায়তায় বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালায় তার চিত্র ফুটে ওঠে।'
মাকসুদ রহমান/জোবাইদা/




