শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘চা প্রদর্শনী ২০২৫’। আন্তর্জাতিক চা দিবসকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে চা-বাণিজ্য সম্প্রসারণ এবং সহযোগিতা জোরদারের লক্ষ্যে মূলত এই সামিটের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনে চাইনিজ কর্নার ও ঢাকার চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। টি সামিটে ২১টি স্টলে দেশের এবং চীনের বিভিন্ন কোম্পানি অংশ নেয়।
এ সময় খবরের কাগজের প্রতিবেদকের সঙ্গে বিভিন্ন কোম্পানির উদ্যোক্তাদের কথা হয়। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা সবাই ছিলেন উচ্ছ্বসিত। ফয়েজি নামে একটি কোম্পানির নির্বাহী পরিচালক সাইদ হাসান চৌধুরী বলেন, ‘প্রথমবারের মতো এমন আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। এতে করে নতুন নতুন সুযোগ তৈরি হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ডাইকো নামে একটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা চা পাতা এবং ধুলো থেকে কাপড়ে ব্যবহারের রং তৈরি করেছে। তারাও গতকালকের সামিটে অংশ নেয়। তারা জানায়, এরকম উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চায়নিজ কর্নারের সদস্য এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন খবরের কাগজকে বলেন, ‘বিশ্ব চা দিবসকে সামনে রেখে চায়না বিশ্বের বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম করছে, তারই ধারাবাহিকতায় তারা আমাদের বিশ্ববিদ্যালয়কে নির্বাচিত করেছে। সিলেট যেহেতু চা শিল্পের জন্য বিখ্যাত, আমি মনে করি, এ উদ্যোগের মাধ্যমে চা শিল্প আরও প্রসারিত হবে। পাশাপাশি এ ধরনের আয়োজন দেশের চা শিল্পের যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে।’




