নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন আন্তর্জাতিক সম্মেলনে বৈজ্ঞানিক কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।
আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফোর্থ ইন্টারন্যাশনাল ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (DRSD ২০২৫)’।
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) আয়োজিত এই সম্মেলনে বৈশ্বিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই উন্নয়ন বিষয়ে আলোচনা হবে।
সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চাসহ বিশ্বের নানা প্রান্তের গবেষক, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। তারা জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক চাপজনিত দুর্যোগ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন।
এই স্বীকৃতি প্রসঙ্গে ড. আফসানা পারভীন বলেন, ‘বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় বা কনফারেন্স থেকে আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে আনন্দের। বৈজ্ঞানিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাই আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে।’
তিনি আরও বলেন, ‘এটি শুধু আমার নয়, নোবিপ্রবির জন্যও একটি বড় অর্জন। আমি সব সময় চেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষণাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে। ছাত্র-ছাত্রীরাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।’
কাউসার আহমেদ/মৌসুমী