সবশেষ দুই প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছিল স্পেন। মিশরের পর ইরাকের বিপক্ষেও ড্র করেছিল তারা। তবে বিশ্বকাপের আগে, শেষ প্রস্তুতি ম্যাচে জয়ে ধারায় ফিরল স্প্যানিশরা। গতকাল (৮ জুন) রাতে পেরুকে হারিয়েছে ৩-১ ব্যবধানে।
ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট জালে জড়িয়ে যায়। আধাঘণ্টার কিছু পর ব্যবধান দ্বিগুণ করে স্পেন। ফেররান তোরেসের বাড়ানো বল থেকে ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে দেন পেদ্রি।
বিরতির পরপরই আবারও আঘাত হানে স্পেন। ইয়েরেমি পিনোর বিপজ্জনক ক্রস পেরুর গোলরক্ষক পেদ্রো গায়েসের নাগালের বাইরে গিয়ে সরাসরি জালে ঢুকে পড়ে, স্কোরলাইন হয় ৩-০। এরপর জাইরো ভেলেসের নিচু শটে একটি গোল শোধ করে পেরু। যদিও ম্যাচের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি দলটি। কারণ পুরো ম্যাচের বড় অংশজুড়েই নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে।
স্টেডিয়ামের পরিবেশে বিশ্বকাপ ঘিরে বাড়তে থাকা উত্তেজনার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। গ্যালারিতে স্পেনের জার্সির আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বার্সেলোনার জার্সিও ছিল ব্যাপকভাবে দৃশ্যমান, যা লুইস দে লা ফুয়েন্তের দলে থাকা কয়েকজন খেলোয়াড়ের জনপ্রিয়তাকে তুলে ধরেছে।
সংখ্যায় কম হলেও পেরুর সমর্থকেরা পুরো সন্ধ্যাজুড়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। পেদ্রি, রদ্রি এবং ফেররান তোরেস ছিলেন দর্শকদের সবচেয়ে প্রিয় তারকাদের মধ্যে। তাদের নামে স্লোগান ধ্বনিত হয়েছে গ্যালারিজুড়ে, আর স্ট্যান্ডজুড়ে দেখা গেছে মেক্সিকান ওয়েভের ঢেউ।
অনিক/