রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন তিনি।
ওই শিক্ষার্থীর নাম মো. সারোয়ার জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদ শামসুজ্জোহা হলের একজন অনাবাসিক ছাত্র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হলেও দুটি পরীক্ষায় ইম্প্রুভ দিয়েছি, যার ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। সুতরাং বর্তমানে আমি একজন নিয়মিত শিক্ষার্থী।’
আসন্ন রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রার্থী হতে চান জানিয়ে তিনি বলেন, ‘আমি আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় সংসদে নির্বাচন করব। এখন পর্যন্ত আমি ছাত্র কিন্তু আমার নাম যেহেতু আসেনি পরবর্তী সময়ে যুক্ত না করলে আমার সব পরিশ্রম বৃথা যাবে। ফলাফল প্রকাশিত না হওয়ার পরও আইনের ফাঁকফোকর দেখিয়ে ভোটার তালিকায় সংযুক্ত না করলে রাকসুর ফান্ডে ১৯৯০ সালের পর থেকে জমা হওয়া সবার ফি ফেরত দিতে হবে।’
উল্লেখ্য, ভুক্তভোগী শিক্ষার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অনার্স-মাস্টার্স পরীক্ষা দেন এবং অনার্স প্রথম বর্ষের দুটি পরীক্ষার ইম্প্রুভ দেন, যার ফলাফল এখনো অপ্রকাশিত।
রিফাত/