ভোট গ্রহণ শেষ হওয়ার দীর্ঘ ৪৮ ঘণ্টা অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
প্রথমে ২১টি হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসাররা। তারপর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আরিফ উল্লাহ।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মো. মাজহারুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী।
সহসাধারণ সম্পাদক (এজিএস)- পুরুষ পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ফেরদৌস আল হাসান। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী।
সহসাধারণ সম্পাদক (এজিএস)- নারী পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তিনি দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী।
এ ছাড়া ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের যারা নির্বাচিত হয়েছেন- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি, সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম, সহক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহক্রীড়া (ছাত্রী ) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন - ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা , হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা।
কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে ২৫টি পদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে ২০ জন নির্বাচিত হয়েছেন। এই জোটের বাহিরে বাগছাসের প্যানেল থেকে সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে আহসান লাবিব এবং কার্যকরী সদস্য পদে ইংরেজি বিভাগের মোহাম্মদ আলী চিশতী নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শেখ জিসান আহমেদ।
সব মিলিয়ে শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিসহ মোট ২৫টি পদের মধ্যে ২১টিতে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
মেহেদী/