ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো চালু হয়েছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি (EV)।
শনিবার (২০ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পরীক্ষামূলকভাবে ১৪ সিটের চারটি বৈদ্যুতিক শাটল গাড়ি উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশরাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শাটল গাড়িগুলো পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হয়েছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে কার্যকর হয়েছে। আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এসব গাড়ি চালু করার নীতিগত সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। আজকে নবীনবরণ অনুষ্ঠানে ভিসি স্যারসহ অতিথিদের মাধ্যমে এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তবে পুরোপুরি গাড়ি চালু বা নিয়মিত সেবা শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। কারণ ক্যাম্পাসে চার্জিং পয়েন্ট স্থাপন, জনবল নিয়োগ ও প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনও বাকি আছে।
নিয়ামত/সুমন/