জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৪তম ব্যাচের একদল শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে ১৬ জন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশে ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪-এর (১) (খ) অনুযায়ী অভিযুক্ত এসব শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর (ছাত্র) হলে গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩তম ব্যাচের কতিপয় শিক্ষার্থী একই বিভাগের ৫৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিং করে বলে অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই এবং এ বিষয়ে সুপারিশ দিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। কমিটির সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান এবং সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা
সাময়িক বহিষ্কৃত ১৬ জন শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র।
তারা হলেন— মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা।
আমানউল্লাহ/মেহেদী/




