ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রশিবির।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে সংহতি প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয় নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলা হবে না’, ‘২৪ শের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘হাদিরা আসছে, রাজপথ কাঁপছে’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আজ জুলাই বিপ্লবের ওপর গুলি করে যে আঘাত করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা আমাদের গুলি করে, রাস্তায় কুপিয়ে আমাদের থামাতে পারবেনা। আজকের এই বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশ জুলাইয়ের বাংলাদেশ। ইনসাফ এবং জুলাইকে ছোট করে দেখা মুজিবলীগ এবং তাদের সঙ্গে আঁতাতকারী সকল শ্রেণির জন্য একটি স্পষ্ট বার্তা, আমরা মুসলিম, আমরা সংগ্রামী, এবং আমরা কখনো থেমে যাব না।’
হামলার সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও মুজিববাদের গুণ্ডারা জড়িত উল্লেখ করে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, ‘অনেক জুলাই যোদ্ধা অনেক গোষ্ঠীর সঙ্গে আপস করেছে, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে কিন্তু ওসমান হাদী কোনো গোষ্ঠীর সঙ্গে আপস করে নাই। ওসমান হাদী ভারতের আধিপত্যবাদ ও মুজিববাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তাই আজকে যে হামলা হয়েছে তার সঙ্গে ভারতীয় আধিপত্য ও মুজিববাদী গুণ্ডারা জড়িত। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দ্রুত সময়ে মধ্যে তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূল শাস্তি দিতে হবে।’
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর এমন হামলা প্রমাণ করছে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড কতটা ভয়াবহ অবস্থায় আছে। আগামী নির্বাচন বিপ্লবীদের জন্য কতটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে।’
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্টরোড এলাকায় অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে
শাকিবুল/মাহফুজ