ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নবগঠিত কমিটির সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির ছাত্রত্ব শেষ হয়েছে। তারা নিয়মিত ছাত্র নন। কিন্তু অনিয়মিত কোর্সে তারা অধ্যায়নরত রয়েছেন। তবে ছাত্রত্ব নেই সাংগঠনিক সম্পাদক জাকারিয়ার। এ নিয়ে ক্যাম্পাসে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
জানা যায়, ২০২৬ সেশনের জন্য ইবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ আলী এবং সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি। একইসঙ্গে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাকারিয়া হোসাইন।
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ভবনে অনুষ্ঠিত এক সদস্য সমাবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সমাবেশের প্রধান অতিথি নূরুল ইসলাম সাদ্দাম। তবে ঘোষিত কমিটির কেউই নিয়মিত ছাত্র নন। সবার মাস্টার্স শেষ হয়েছে। তবে সভাপতি এবং সেক্রেটারি অনিয়মিত কোর্সে ভর্তি রয়েছেন। ফলে ক্যাম্পাসে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে ইবির এক শিক্ষার্থী লেখেন, এগুলো বলা যাবে না, তারা জান্নাতি দলের সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে ইবি শাখার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, তাদের তিনজনের মধ্যে দুজনের ছাত্রত্ব আছে। নতুন সভাপতি-সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের অধীনে আইআইইআরের লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট। তবে সাংগাঠনিক সম্পাদক বর্তমানে নিয়মিত ছাত্র নয়। কিন্তু সে এমফিলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। সার্কুলার হলেই ভর্তি হয়ে তিনিও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হয়ে যাবেন।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী পূর্বের কমিটিতে সেক্রেটারি হিসেবে ও নবনির্বাচিত সেক্রেটারি পূর্বের কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিয়ামত/মাহফুজ