পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবের সময়ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস-পরীক্ষা চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বলা হয়, পার্বত্য অঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রধান উৎসব-বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রান প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উদযাপিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এ সময় কোনো ছুটি না থাকায় শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব যথাযথভাবে পালন করতে পারছেন না।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব উৎসব উপলক্ষে ছুটি ঘোষণা ও পরীক্ষা স্থগিতের নজির থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছরই ক্লাস-পরীক্ষার চাপে আদিবাসী শিক্ষার্থীরা উৎসব উদযাপন থেকে বঞ্চিত হচ্ছেন।
এ প্রেক্ষিতে তারা ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ঘোষণা করে তা অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি উক্ত সময়ের মধ্যে নির্ধারিত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করে সংশোধিত রুটিন প্রকাশেরও আহ্বান জানান।
আদিবাসী শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, তাদের সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
আল আরাফ/নাঈম




