জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে বহিরাগত ব্যক্তির ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করে গঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত (১২ মে) মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার দায়ভার নিরূপণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ড. নাহিদ আখতার (অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ), মো. জাকির হোসেন (অধ্যাপক, দর্শন বিভাগ), ড. নাসরীন সুলতানা (অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ), ড. মো. কামরুজ্জামান (অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ), মো. জহির রায়হান (অধ্যাপক, দর্শন বিভাগ) এবং সদস্য সচিব হিসেবে লুৎফর রহমান আরিফ (ডেপুটি রেজিস্ট্রার, উচ্চ শিক্ষা ও বৃত্তি)।
ঘটনাটি ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত শেষ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন
>> জাবিতে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলায় তীব্র প্রতিবাদ ও মানববন্ধন
>> ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা
>> জাবিতে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা, তালা দিলেন শিক্ষার্থীরা
আমানউল্লাহ খান/আমান




