ব্যক্তিগত উন্নতি বা পারসোনাল গ্রোথ সাধারণত এমন একটি ধারণা, যা শুনলে অনেকের মনে অনুপ্রেরণা জাগে। নতুন অভ্যাস তৈরি করা, আরও আত্মবিশ্বাসী হওয়া, লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়া–এসবই যেন উন্নতির চেনা ভাষা। কিন্তু বাস্তবে অনেক নারীর কাছে এই উন্নতির পথ কখনো কখনো ক্লান্তিকর হয়ে ওঠে। কারণ, তাদের জীবনের বাস্তবতা প্রায়ই এই প্রচলিত ধারণার সঙ্গে মেলে না।
দীর্ঘদিন ধরে নারীদের নেতৃত্ব, ব্যবসা ও জীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করা কোচ ও গবেষকদের অভিজ্ঞতায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে–অনেক নারী যখন ক্লান্ত, মানসিকভাবে চাপে বা দায়িত্বের ভারে কুঁজো থাকেন, তখন প্রচলিত আত্মউন্নয়ন পদ্ধতিগুলো আর কার্যকর থাকে না। এর মানে এই নয় যে, তারা চেষ্টা করছেন না কিংবা তাদের সক্ষমতার ঘাটতি আছে। বরং অনেক সময় তাদের ওপর এত দায়িত্ব থাকে যে, নতুন করে কিছু যোগ করার শক্তিই থাকে না।
প্রচলিত আত্মউন্নয়নমূলক পরামর্শগুলো সাধারণত ধরে নেয় যে, মানুষের কাছে সময়, শক্তি ও মানসিক সামর্থ্য সব সময়ই পর্যাপ্ত থাকে। তাই বলা হয়–নতুন অভ্যাস গড়ে তুলুন, আরও ইতিবাচক চিন্তা করুন, নিজেকে আরও শৃঙ্খলাবদ্ধ করুন কিংবা কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যান। কিন্তু অনেক নারীর জন্য বাস্তবতা ভিন্ন। পরিবার, কর্মক্ষেত্র, সন্তানের দায়িত্ব, সামাজিক প্রত্যাশা–সব মিলিয়ে তাদের প্রতিদিনের জীবনই হয়ে ওঠে একাধিক দায়িত্বের সমন্বয়।
এ বাস্তবতায় ব্যক্তিগত উন্নতির নতুন একটি দৃষ্টিভঙ্গি সামনে আসছে–যেখানে প্রথম গুরুত্ব দেওয়া হয় মানসিক ও শারীরিক স্থিতিশীলতাকে। মানুষের স্নায়ুতন্ত্র যখন অতিরিক্ত চাপের মধ্যে থাকে, তখন স্বাভাবিকভাবেই মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার শক্তিও কমে যায়। এটি কোনো দুর্বলতার লক্ষণ নয়; বরং শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা।
এ কারণেই অনেক নারীর ক্ষেত্রে উন্নতির শুরুটা আসলে ‘আরও কিছু করা’ দিয়ে নয়, বরং ‘কিছুটা থামা’ দিয়ে শুরু হওয়া প্রয়োজন। নিজের শরীর ও মনকে স্থিতিশীল হওয়ার সুযোগ দেওয়া, অতিরিক্ত চাপ কমানো এবং নিজের জন্য সামান্য সময় বের করা¬–এসবই হতে পারে প্রকৃত উন্নতির প্রথম ধাপ।
নারীদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো দায়িত্বের মাত্রা। অনেক নারী কর্মক্ষেত্রে নেতৃত্ব দেন, আবার একই সঙ্গে পরিবার ও সম্পর্কের দায়িত্বও বহন করেন। অনেক সময় তারা শুধু নিজের কাজই করেন না, বরং অন্যদের মানসিক সমর্থনও হয়ে ওঠেন। ফলে তাদের ওপর যে মানসিক চাপ তৈরি হয়, তা প্রায়ই অদৃশ্য থেকে যায়।
এ অবস্থায় যখন তাদের বলা হয়, ‘আরও সংগঠিত হও’, ‘আরও ভালোভাবে সময় ব্যবস্থাপনা করো’ কিংবা ‘নিজেকে আরও শক্ত করে তুলো’–তখন সেই পরামর্শ বাস্তবতার সঙ্গে সব সময় খাপ খায় না। কারণ, সমস্যাটি অনেক সময় দক্ষতার অভাব নয়, বরং দায়িত্বের অতিরিক্ত চাপ।
এখানেই ব্যক্তিগত বিকাশের একটি ভিন্ন ধারণা সামনে আসে। এই ধারণা বলছে–নারীদের উন্নতি সব সময় নতুন কিছু যোগ করার মধ্যদিয়ে আসে না। অনেক সময় এটি আসে কিছু বিষয় ছেড়ে দেওয়ার মধ্যদিয়ে। অযৌক্তিক প্রত্যাশা কমানো, সব দায়িত্ব একা বহন করার প্রবণতা থেকে বেরিয়ে আসা কিংবা এমন কিছু কাজ থেকে সরে দাঁড়ানো, যা আর জীবনের এই পর্যায়ে প্রয়োজনীয় নয়–এসবই হতে পারে উন্নতির গুরুত্বপূর্ণ ধাপ।
তাই ব্যক্তিগত বিকাশ কোনো প্রতিযোগিতা নয়। এটি এমন একটি যাত্রা, যেখানে নিজের শরীর, মন ও জীবনের বাস্তবতার প্রতি সম্মান দেখিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। কখনো কখনো সামনে এগোনোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো একটু থেমে নিজের সঙ্গে পুনরায় সংযোগ তৈরি করা। সেখান থেকেই শুরু হতে পারে সত্যিকারের পরিবর্তন।
/এসএল
.jpg)