নীলফামারীর সৈয়দপুরে অবাঙালি ২ নম্বর ক্যাম্পে আগুন লাগানোর হুমকি, ক্যাম্পের মেয়েদের ধর্ষণ, মব সৃষ্টির পাঁয়তারা ও ক্যাম্পের নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে ২ নম্বর ক্যাম্পবাসী ও সর্বস্তরের গোলাহাট এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২ নম্বর ক্যাম্প ও নতুন ক্যাম্পের তরুণদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। সমস্যা সমাধানের জন্য ২ নম্বর ক্যাম্পের মুরব্বিরা নতুন ক্যাম্পবাসীদের দেখা করতে যান। কিন্তু নতুন ক্যাম্পের লোকজন কয়েকজন মুরব্বিকে আটকে রেখে ভয়াবহ নির্যাতন করে রাস্তায় ফেলে দেন। এমনকি পুলিশ উদ্ধারে গেলে পুলিশের ওপরও তারা চড়াও হন। পরে তারা উল্টো শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ভুয়া দাবি তুলে মব সৃষ্টির পাঁয়তারা করেন। কিছুদিন আগেও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২ নম্বর ক্যাম্পে হামলা করেন।
এ সময় ক্যাম্পবাসী একজনকে আটক করলে সৈয়দপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন শুভ ওই সন্ত্রাসীকে ছাড়িয়ে নিয়ে যান এবং প্রকাশ্যে ২ নম্বর ক্যাম্পে আগুন লাগানো ও ক্যাম্পের মা-বোনদের ধরে কাপড় খুলে রাস্তায় মারার হুমকি দিয়ে যান।’
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, নতুন ক্যাম্পের ছাত্রলীগ ও শেখ রাসেল স্মৃতি পরিষদের ফয়সাল, মনা, জীবনসহ ১২-১৫ জন সন্ত্রাসী বাজারে ২ নম্বর ক্যাম্পের যাকে পাচ্ছে, তাকেই মারছে। কিছুদিন আগে আয়ান নামে নিরীহ এক তরুণকে সৈয়দপুর প্লাজার দোকান থেকে ধরে নিয়ে পিটিয়ে জখম করা হয়। এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন ওই তরুণ।
২ নম্বর ক্যাম্পের সভাপতি হামিদা বেগম বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মা-বোনদের ধর্ষণের হুমকি দিয়েছে। আমাদের অনেক গরিব মেয়ে দিনমজুরি করতে বাইরে যান। হুমকিতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা এর বিচার চাই।’
বক্তারা অবিলম্বে জামায়াতে ইসলামীর সৈয়দপুরের আমিরের কাছে শুভর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সৈয়দপুর থানায় এ বিষয়ে মামলা করা হয়েছে বলেও জানান তারা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে সৈয়দপুরের ২২টি অবাঙালি ক্যাম্পবাসীকে নিয়ে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
তবে আসিফ হোসেন শুভ ক্যাম্পে আগুন দেওয়া ও ক্যাম্পের নারীদের ধর্ষণের হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো মিথ্যা, আমি এমন কিছু বলিনি।’