নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামে এক মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাঁড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রীন মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার ফোছন আলির ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মেয়ে নুরজাহান আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চিকিৎসাকেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
এর আগে, মাদকাসক্ত রোগী এ কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে তাকে অমানবিক নির্যাতন ও বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তার স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান তার স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন।
তার অভিযোগ, এ চিকিৎসাকেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে এ মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রের নির্যাতনের শিকার মো. শামীম জানান, এ কেন্দ্রে সবাইকে মারধর করে। ঈদের পরে ১২ জনকে পিটিয়েছে। ফয়জুল মিয়াকে বেশি মারছে। যারা তরুণ তারা অমানুষিক মার খেয়েও টিকে গেছে। কিন্তু এ লোকটি বয়স্ক তাই তিনি মারা যান। এখানে সবাইকে প্রতিনিয়ত বর্র্বর নির্যাতন করে। মুখের ভিতর গামছা দিয়ে ৪/৫ জন মিলে পানির শক্ত পাইপ দিয়ে ওফর করে পিটায় চিকিৎসাকেন্দ্রের লোকজন। আমরা এ থেকে পরিত্রাণ চাই।
এ ঘটনায় নিহতের মেয়ে নুরজাহান আক্তার বাদী হয়ে আজ বৃহস্পতিবার সোনারগাঁও থানায় মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রের প্রধান পরিচালক সজীব মিয়াসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার পর পুলিশ চিকিৎসাকেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইমরান/নাঈম