শেরপুরে সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে জামাল মিয়া পাশের ৪নং চর এলাকা থেকে একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় সাপটি তার আঙুলে কামড় দেয়। তবে, তিনি বিষয়টি গুরুত্ব দেননি। প্রায় দেড় ঘণ্টা পর তার শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাসকষ্ট দেখা দিলে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্বজনরা জানান, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় বাইরে থেকে এনে প্রয়োগ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জামাল মিয়াকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ সময় স্বজনরা তাকে ময়মনসিংহে নেওয়ার পথে নকলা এলাকায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। অ্যান্টিভেনমের কোনো সমস্যা হয়নি। তার চিকিৎসার ক্ষেত্রে আসলে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
শাকিল মুরাদ/সুমন/