গাজীপুরে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির (আইইউটি) ইসলামী বিশ্ববিদ্যালয়দের তৈরি ফর্মুলা কার যাচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী তিন বছর চেষ্টা করে কারটি তৈরি করেছে। আগামী মাসে চীনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ, চীন, রাশিয়া, ইতালিসহ ১৪টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ৮-১২ অক্টোবর চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
আইইউটির ৭০ জন শিক্ষার্থীর তিন বছরের সাধনায় নির্মিত রেসিং কারটির ইঞ্জিন ছাড়া বাকি সব উপাদান বাংলাদেশে তৈরি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফর্মুলা কারটিতে ব্যবহৃত হয়েছে কেটিএমের ৩৯০ সিসি ইঞ্জিন (৩২ কিলোওয়াট, ৩৫ নিউটন-মিটার টর্ক), স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেসফ্রেম চ্যাসিস, ডাবল এ-আর্ম সাসপেনশন এবং ৯১ অকটেন জ্বালানি। গাড়িটির দৈর্ঘ্য ৩ হাজার ১৮১ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৪০৯ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৩৯ মিলিমিটার। আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের এ দলটি যাত্রা শুরু করেন ২০২১ সালে। ইতোমধ্যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তারা ফর্মুলা ভারত ২০২৩-এ (কনসেপ্ট ক্লাস) ৩য় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল ২০২৪-এ ৭ম স্থান অর্জন করেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় প্রকৌশল প্রতিভাদের সমাগম ঘটবে ফর্মুলা স্টুডেন্ট চায়না প্রতিযোগিতায়। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলো নিজেদের ডিজাইন করা ফর্মুলা-স্টাইল রেস কার তৈরি ও প্রদর্শন করবে। প্রতিযোগিতায় দলগুলোকে মূল্যায়ন করা হবে দুটি ধাপে, স্থির ইভেন্টে (ডিজাইন, খরচ বিশ্লেষণ ও ব্যবসায়িক উপস্থাপনা) এবং গতিশীল ইভেন্টে (অ্যাক্সেলারেশন, স্কিড প্যাড, অটোক্রস ও অ্যান্ডুরেন্স)। বাংলাদেশের আইইউটিসহ বিশ্বের ৭০টি টিম এই প্রতিযোগিতায় অংশ নেবে।
তারা আরও জানান, ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ অংশগ্রহণ শুধু আইইউটির প্রকৌশল সক্ষমতাকেই বিশ্বমঞ্চে তুলে ধরবে না, বরং আন্তর্জাতিক মান, উদ্ভাবনী ধারণা এবং দলগত কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। এ বছর সরাসরি (ফিজিক্যাল) ইভেন্টে নির্বাচিত হওয়া আমাদের দল ও বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবময় অর্জন।
ফর্মুলা আইইউটি টিমে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল, আইপিই, সফটওয়্যার, ইলেক্ট্রিক্যাল, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্টের (বিটিএম) শিক্ষার্থীরা সমন্বিতভাবে কাজ করেছে। খরচ হয়েছে ১২ লাখ টাকা, যা শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে অর্থায়ন করা হয়েছে। চায়নার ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতায় সম্মানজনক ফলাফলের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের।
ফর্মুলা আইইউটির সিনিয়র রিসার্চার রিদোয়ান ইবনে সিদ্দিক বলেন, ‘এই অংশগ্রহণ আইইউটির জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের উপস্থাপনের সুযোগ এনে দেবে। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থিতি আরও শক্তিশালী করবে এবং প্রকৌশল প্রতিযোগিতায় উৎকর্ষ ধরে রাখার ঐতিহ্যকে সুদৃঢ় করবে।’
শিক্ষার্থী ও টিম লিডার আনসানুল আমীন বলেন, ‘এবার আমরা প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছি ফর্মুলা স্টুডেন্ট চায়নাতে (এফএস চায়না)। এটি মর্যাদাপূর্ণ ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করে অভিজ্ঞতা অর্জন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সেরা দলের মধ্যে অবস্থান নিশ্চিত করা। ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থী-ভিত্তিক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। সেখানে গাড়ির গতি নয়, ডিজাইন, ব্যবসায়িক পরিকল্পনা ও টেকসই প্রযুক্তিও বিচার করে প্রতিযোগীদের স্থান নির্ধারণ করা হবে।’
মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান হাবিব বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ সফলতা অর্জন করেছে। তারা দেশের বাইরে প্রতিযোগিতায় যাচ্ছে। এতে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বাড়বে। এটি আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরবের।’