গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দিন বয়সি মেয়ে সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস (১৭)।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, রিয়া বিশ্বাস তার মেয়ে সন্তান হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তার দশদিন বয়সি সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন। এস ময় এলাকার কয়েকজন লোক ওই নারীকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করলে তাদের কাছে সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে বাঁওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে ও মা রিয়া বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে কেন বা কী কারণে নিজ সন্তানকে হত্যা করেছে তা এখনো বলেনি মা রিয়া বিশ্বাস।
বাদল/মেহেদী/