চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পৃথকভাবে উদযাপন করেছে দিবসটি।
চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ‘শক্তিশালী ডিম, প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি পালন করে। ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সিভাসু এ দিবস পালন করেছে।
এ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যােগে র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। শুক্রবার সকালে র্যালিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে প্রাণী সম্পদ কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান।
বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন, ক্যাব চট্টগ্রামের সভাপতি নাজের হোসেন। এ সময় বক্তারা বলেন, ডিম সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার। ডিম সব রোগের ঔষধ হিসেবে কাজ করে। আমাদের খাবারের তালিকায় প্রতিদিন ডিম থাকা উচিত। সুস্বাস্থ্য, সবল, মেধাবী জাতি গঠনে ডিমের বিকল্প নেই। দেশে এখন ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং মানুষও ডিমের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। দেশে মোট ৬ কোটি ডিম উৎপাদন হয়। ১৮ কোটি মানুষের তুলনায় অনেক কম। পরে গরীব অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়।
এদিকে সিভাসু ডেইরি ও পোলট্রি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়ার্ল্ড’স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সিদ্ধ ডিম বিতরণ, সুলভমূল্যে ডিম বিক্রয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবসের কর্মসূচি শুরু হয়। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে শুরু হয় সুলভমূল্যে ডিম বিক্রয় এবং সিদ্ধ ডিম বিতরণ কর্মসূচি। সুলভমূল্যে ডিম বিক্রয় এবং সিদ্ধ ডিম বিতরণ শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘বিশ্ব ডিম দিবস-২০২৫’ এর আলোচনাসভা।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।
সিভাসু ডেইরি ও পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন।
ফার্মের মুরগির ডিমে পুষ্টি বেশি উল্লেখ করে আলোচনাসভায় বক্তারা বলেন, ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জানুন এবং সবাইকে ডিম খেতে উদ্বুদ্ধ করুন। তারা আরও বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ডিমের উৎপাদন বাড়াতে হবে এবং ডিমের দাম স্থিতিশীল রাখতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
রিফাত/