লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ সময় নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে যায়।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার এস এম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।
প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলার জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দায়িত্বরত প্রহরী টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নির্বাচনের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি দ্রুত টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, জড়িতদের ধরতে অভিযান চলছে।
রফিকুল/সুমন/