কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫-এর অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি র্যাব-১৫ কক্সবাজারের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া, ৯ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোহাম্মদ হাকিম (২৩)।
টেকনাফ-টু-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে কাদেরের মালিকানাধীন জমিতে বর্গাচাষি মোহাম্মদ হাকিমের পানের বরজে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার আসামি নিজ হাতে মাটির নিচ থেকে ইয়াবার চালান বের করে দেন। এ সময় একটি সাদা পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহীন/নাঈম