ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লা আল জাবেরকে আহত করার প্রতিবাদে ও হাদি হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে শহরের সবচেয়ে ব্যস্ততম পয়েন্ট ‘মজমপুর রেলগেট’ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ‘ইনকিলাব মঞ্চ’ কুষ্টিয়া জেলা শাখা।
শিক্ষার্থীদের এই ব্লকেড কর্মসূচির ফলে দীর্ঘ দুই ঘণ্টা শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
শুক্রবার বিকেল ৫টার পর থেকেই শিক্ষার্থী ও আন্দোলনকারী মজমপুর রেলগেট এলাকায় জড়ো হতে থাকেন। ইনকিলাব মঞ্চের নেতা জাবেরের ওপর হামলা ও হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা সড়কের চারদিকে অবস্থান নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন।
এর ফলে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের সংযোগস্থলে যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ও যুব নেতারা।
বিক্ষোভকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সুলতানার তালহা, গণধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, বৈষ্ণম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, আহ্বায়ক সায়াদ আহমেদ শ্রেষ্ঠ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতা জাবেরকে আহত করা হয়েছে এবং হাদিকে হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত খুনিদের বিচার নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইনসাফ কায়েম ও খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও তীব্রতর করা হবে।
প্রায় দুই ঘণ্টা দীর্ঘ এই অবরোধের কারণে শহরের মজমপুর, এনএস রোড এবং রেলগেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিলন/মাহফুজ